অনেক জল গড়িয়েছে পদ্মা, মেঘনা, যমুনায়,
জেগেছে নতুন চর, ভেঙ্গেছে অনেক ঘর,
উদ্বাস্তু জীবনে এসে ঠেকেছে তাদের স্বপ্ন।
যারা একদিন স্বপ্ন দেখতো-
পৃথিবীর গুটি কয়েক মানুষ যারা,
সুখ বিলাসে উন্মাদ প্রলাপ বকে,
ঠিক তাদেরই মত একজন হবে।
হায়রে স্বপ্ন-
বেঁচে থাকার জন্য যতটুকু খাদ্যের প্রয়োজন,
তা হাত পেতে নিতে হয়।
আজ অনেক দিন পরে তোমার ঐ চোখ দুটিকে
দেখছি-
তোমার নিঃশ্বাস আমার শরীর ছুয়ে যাচ্ছে।
সে নিঃশ্বাসে পুরানো স্মৃতি আমার
হৃদয়ে দোলা দেয় মহা প্রলয়ের মত।
আকাশের নীল জোছনায় দুটি হাত যেন,
মিশে ছিল নদী আর সাগরের মত।
অনেক কথা না বলেও-
জোছনার আলোতে চোখের ভাষা গুলি ছিল যেন
কবিতার মত পড়া হয়ে যেত।
মনে পড়ে যায় সেই কবে তোমার ওষ্ঠ দ্বয়
কপালে চুম্বন রেখা একেছিল ঘুমন্ত আমায়-
সেই শেষ-
আজ কখন যে আমায় চায়ের কাপটি
তুলে দিয়েছ হাতে-
ইচ্ছে করেই ধীরে ধীরে চুমুক দিচ্ছি-
যেন আরও কিছুক্ষন তোমার পাশে থেকে,
সেই স্বপ্ন যা দেখেছিলাম, তাকে মেলানোর বৃথা চেষ্টা করি।
জানি পেয়ালার চা শেষ হলে-
আমাকে আবারও উদ্বাস্তু জীবনে ফিরতে হবে।
স্মৃতির পাতায় লেখা হয়ে যাবে এক কাপ চায়ের কথা।।
-মোঃ জাকির হোসেন
২৭.০৯.২০১১
Tags:
মোঃ জাকির হোসেন













Leave a comment